ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার পাঁচ জনকে আবার তিন দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি।
এরা হলেন- রহিম, ওয়াসিম, ফরিদ খান, রাজীব ও সাইফুল।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সিরাজুল হক বৃহস্পতিবার তাদের ১০ দিনের হেফাজত চাইলে তিন দিন মঞ্জুর করেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. ওয়াসিম শেখ।
এ আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ কর্মকর্তা ও আদালত পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে ১৫ জানুয়ারি এই পাঁচ জনের তিন দিনের হেফাজত মঞ্জুর করে আদালত।
রবীন্দ্র নারায়ণ বলেন, হেফাজতে পাঠানো কারো নাম মামলার এজাহারে নেই। গত বছরের বিভিন্ন সময় গ্রেপ্তার করে এদের কারাগারে পাঠানো হয়।
গত বছরের ১৭ জুলাই ভোর রাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।
গুরুতর আহত অবস্থায় ওই ছয়জনের সঙ্গী আল আমিন প্রাণে বেঁচে যান।
এ ঘটনার পর স্থানীয় বালু ব্যবসায়ী মো. আব্দুল মালেক কথিত ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে সাভার মডেল থানায় পাঁচ-ছয়শ জন গ্রামবাসীকে আসামি করে হত্যামামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/২২২৯ ঘ.
bdnews24