ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় বগুড়া ও গাজীপুরে দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দুই জেলাতেই স্থানীয়দের অবরোধের কারণে সড়কে গাড়ি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল ১০টায় শাজাহানপুর থানার বেতগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষিকা জিন্নাত রেহানা।
তিনি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য আসছিলেন। শিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি রিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, জিন্নাত রেহানা সিএনজি অটোরিকশা নিয়ে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় বেতগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।
পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান তিনি।
এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা বাসচালককে গ্রেপ্তারের দাবিতে বগুড়া-নাটোর সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের উঠিয়ে দেয়।
গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকালে বাস চাপায় এক পোশাক শ্রমিক মারা গেছেন। নিহতের নাম শিউলী আক্তার (২০)।
স্থানীয় বেষ্ট শার্ট কারখানার সুয়িং অপারেটর শিউলী ময়মনসিংহের মুক্তাগাছা থানার চন্ডীমন্ডল গ্রামের সামসুল হকের মেয়ে।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে এবং মহাসড়কে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর এবং দু’টি বাসে আগুন ধরিয়ে দেয়।
তখন পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মনির হোসেনসহ আট জন কনস্টেবল ও ৩০ জন শ্রমিক-পথচারী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শট গানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ বলে মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানিয়েছেন।
এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে বত্রিশ মাইল নামে এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের বৃহস্পতিবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও কমপক্ষে ২৫ বাসযাত্রী আহত হন।
নিহত বাসচালকের পরিচয় জানা যায়নি।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার জানান, দুপুর ১টার দিকে ওই স্থানে রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহন এবং নারায়গঞ্জ থেকে ডিমলাগামী জনতা এক্সপ্রেস পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি ছিটকে সড়কের দু’পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই নাবিল পরিবহনের চালক মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২৩২০ ঘ.
bdnews24