নরসিংদী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌরসভার উপ-নির্বাচনের পরিবেশ নিয়ে প্রধান দুই প্রার্থী কামরুজ্জামান কামরুল ও মোন্তাজ উদ্দিন ভূঁইয়া সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
নিহত মেয়র লোকমান হোসেনের উত্তরসূরির খোঁজে বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে নরসিংদী পৌরসভায়। ওই পদে উপ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে রয়েছেন লোকমানের ভাই কামরুজ্জামান কামরুল, যিনি লোকমান হত্যামামলার বাদি। অন্যদিকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, যিনি এই হত্যামামলারই আসামি।
সকালে দুটি কেন্দ্রের বাইরে মৃদু উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের গোলোযোগের খবর পাওয়া যায়নি কোথাও। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় প্রথম পাঁচ ঘণ্টায় কেন্দ্রগুলোতে গড়ে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে।
কাপ পিরিচ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান সকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে। অধিকাংশ কেন্দ্রের নির্বাচনী পরিবেশে আমি সন্তুষ্ট। তবে তিনটি কেন্দ্রে আমার ভোটারদের ভীতি প্রদর্শন করা হয়েছে।”
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ রেখে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হচ্ছে।
কামরুল ভোট কেন্দ্রে গেলে তার সমর্থকদের ‘ভি’ চিহ্ন প্রদর্শন করতে দেখা যায়। সবাই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। অনেকে এগিয়ে এসে তার প্রতি সহানুভূতিও দেখায়।
মোন্তাজ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, বিদ্যা সুন্দরী বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ ও মধ্য কান্দাপাড়া কেন্দ্রে তার সমর্থক ভোটারদেরই ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি ভোট দেন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
ভোট দিয়ে বেরিয়ে মোন্তাজ ফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, “ভোট তো ভালো হচ্ছে। যে কোনো ফল তো মেনে নিতেই হবে। তবে সাংসদ ও কয়েকজন লোক ভোটারদের ভীতি দেখাচ্ছে।”
নির্বাচনের অপর চার প্রার্থী হলেন- আমজাদ হোসেন ভূঁইয়া (দেওয়াল ঘড়ি), হাজী আফজাল হোসেন মোল্লা (টেলিফোন), আরিফুল ইসলাম (চশমা) এবং মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত কলম)।
ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে আসা বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করলেও নতুন এ প্রযুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পৌর মেয়র পদটি শূন্য হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন লোকমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৬ ঘ.
bdnews24