সাতক্ষীরা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে ঢাকার মিরপুর থেকে অপহৃত তিন বছরের শিশু রাহিক আফসার সাতক্ষীরায় উদ্ধার হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে রাহিককে উদ্ধার করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ‘অপহরণকারী’ হারুন-অর-রশিদকে ধরে পুলিশে দিয়েছে।
রাহিকের বাবা আক্তারুজ্জামান ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। থাকেন ঢাকার মিরপুর-১১ এর ৮ নম্বর সড়কে।
হারুন অপহৃত রাহিকদের পরিবার যে ভবনে থাকে তার নৈশ প্রহরী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান বলেন, হারুন দুই মাস আগে ওই ভবনে নৈশ প্রহরীর কাজ নেন।
সোমবার সন্ধ্যায় বাসার নিচে খেলা করার সময় রাহিককে অপহরণ করেন। এরপর সাত লাখ টাকা মুক্তিপণ চেয়ে রাহিকের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।
এক পর্যায়ে হারুন চার লাখ টাকার বিনিময়ে রাহিককে মুক্তি দিতে রাজি হন।
ওসি আসলাম আরো বলেন, বুধবার সকাল ১০টার দিকে রাহিকের বাবা এসএ পরিবহনের মাধ্যমে ঢাকা থেকে সাতক্ষীরায় এক লাখ টাকা পাঠান।
পরে হারুনের নির্দেশনা অনুযায়ী রাহিকের স্বজনরা বাকি টাকা নিয়ে সাতক্ষীরায় পৌঁছায়। তারা স্থানীয় পুলিশকে না জানিয়ে কয়েকজন মিলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থান নেয়।
এরপর টাকা লেনদেনের সময় তারা কৌশলে হারুনকে আটক করে। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে তাকে।
এ ঘটনায় রাহিকের বাবা ঢাকার পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। হারুনকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
হারুন অপহরণের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, টাকার লোভে তিনি এই কাজ করেছেন। এ ঘটনায় তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24