ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ময়নাতদন্ত সঠিকভাবে না হওয়ার অভিযোগ ওঠায় তার কারণ ব্যাখ্যা করতে গাজীপুরের সিভিল সার্জনসহ দুই চিকিৎসককে তলব করেছে হাইকোর্ট।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান মেঘনা গত ৫ জানুয়ারি শ্বশুর বাড়িতে মারা যান। মেঘনার পরিবারের অভিযোগ, এই মৃত্যুর জন্য শ্বশুর বাড়ির লোকজন দায়ী হলেও ময়নাতদন্ত প্রতিবেদন সঠিকভাবে হয়নি।
মেঘনার মা ফুল বানু পুনঃময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলে মঙ্গলবার দুই চিকিৎসকে তলবের আদেশ দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।
আদেশ অনুযায়ী, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. হাবীবুল্লাহ এবং ময়নাতদন্তকারী ডা. মো. লিয়াকত আলীকে বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির থাকতে হবে।
মেঘনার লাশ শ্বশুরবাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
নুসরাতের পরিবারের অভিযোগ, নুসরাতকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও সিভিল সার্জন হাবীবুল্লাহ এবং লিয়াকত আলী সঠিকভাবে ময়নাতদন্ত প্রতিবেদন দেননি এবং এতে সিভিল সার্জনের স্বাক্ষরও নেই।
গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা ফুল বানু রিট আবেদনে কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনও যুক্ত করেন।
মেঘনা ২০১০ সালে সতীর্থ মো. নাইমকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর তিনি টঙ্গীতে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন। আগামী ২৭ জানুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা ছিল।
এর মধ্যে ছেলেপক্ষ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ মেঘনার পরিবারের। তারা আরো জানায়, পরে ১৫ লাখ টাকার ঘর সাজানোর উপকরণ দিতে রাজি হলেও ছেলেপক্ষ নগদ অর্থের জন্য চাপ দিতে থাকে।
এর মধ্যেই ৫ জানুয়ারি নাইমের পরিবার মেঘনার বাবার বাড়িতে ফোন করে তার ‘আত্মহত্যা’র কথা জানায়, যা ময়নাতদন্তেও বলা হয়েছে। তবে মেঘনার পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।
রিট আবেদনকারীর কৌঁসুলি মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনার শিকার নুসরাত আত্মহত্যা করেছেন বলে উল্লেখ আছে। তবে নিহতের স্বজনরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন। এছাড়াও ওই প্রতিবেদনে সিভিল সার্জনের স্বাক্ষর নেই।”
তিনি আরো অভিযোগ করেন, নাইমের পরিবার প্রভাবশালী হওয়ায় এই ঘটনায় মামলাও পুলিশ নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৯৫০ ঘ.
bdnews24