গোপালগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলরকে মারধর করার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন কাউন্সিলরা।
সোমবার বিকালে পাটগাতী কমফোর্ট লাইন কাউন্টারে ওয়ার্ড কাউন্সিলর মঈনুল ইসলাম অপুকে মারধর করা হয়। তাকে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ কাউন্সিলরা পৌরসভার বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন।
পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে পৌরসভায় ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
স্থানীয়দের বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল হক বলেন, বিকাল ৩টার দিকে ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঈনুল ইসলাম অপু মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার অশ্র“দানন্দ দাসকে সঙ্গে নিয়ে প্রাথমিক স্কুলের বই মুকসুদপুর শিক্ষা অফিসে পাঠাতে পাটগাতী কমফোর্ট লাইন কাউন্টারে যান।
কাউন্টারের লোকজন সরকারি বইপত্র নিতে অসম্মতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারের লোকজন কাউন্সিলরকে মারধর করে।
এ ঘটনায় ঘণ্টাখানেক পর টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ডের কমফোর্ট লাইনের কাউন্টর ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন, বলেন পুলিশ কর্মকর্তা।
ওসি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২১২ ঘ.
bdnews24