শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।
সোমবার বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স¤প্রতি সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের উদ্যোগ নেওয়ায় বেসরকারি উদ্যোগের প্রয়োজন নেই।
এছাড়া, ৫ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ছয়টি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্স হস্তান্তর করার পর তৃতীয় কোনো সাবমেরিন কেবলের প্রয়োজন থাকছে না বলেও তিনি মনে করেন।
২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে দেশে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের কাজ শেষ হবে। এজন্য বাংলাদেশ প্রায় সাড়ে চারশ কোটি টাকা বিনিয়োগ করছে।
জিয়া আহমেদ বলেন, “দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন না হওয়া পর্যন্ত আইটিসি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো বিকল্প হিসেবে কাজ করবে। আগামী ছয় মাসের মধ্যে এ প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করবে।”
বিটিআরসি কর্মকর্তারা জানান, সরকার গত বছরের মার্চে বেসরকারিভাবে সাবমেরিন কেবল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করে। বাংলাদেশি মালিকাধীন পাঁচ সদস্যের একটি কনসোর্টিয়াম দরপত্রে অংশ নেয়। তবে একটি মাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ায় আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয় বিটিআরসি।
তবে সরকারি উদ্যোগে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের সিদ্ধান্ত হওয়ায় এবং আইটিসি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো শিগগিরই তাদের কাজ শুরু করতে যাওয়ায় এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায় বিটিআরসি।
সি-মি-উই-ফোর (সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর) এর সঙ্গে যুক্ত বাংলাদেশের একমাত্র সাবমেরিন কেবল পরিচালনা করছে বিএসসিসিএল।
সি-মি-উই-ফাইভ নামের সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ কনসোর্টিয়ামের মাধ্যমে স্থাপন করা নতুন কেবলটি যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পশ্চিম ইউরোপে। এর সঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোও সংযুক্ত হবে।
বর্তমানে বাংলাদেশের একমাত্র সাবমেরিন কেবলটি কাটা পড়লে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বিঘিœত হয়। সি-মি-উই-ফাইভ কেবলটি স্থাপন করা হলে এ সমস্যা আর থাকার কথা নয়। এছাড়া ভয়েস ও উচ্চগতির ইন্টারনেট দেওয়া সহজ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭৫৯ ঘ.
bdnews24