২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে এক বাংলাদেশির সাজা

প্রতারণার দায়ে এক বাংলাদেশিকে সাড়ে তিন বছরের জেল দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

লন্ডন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার দায়ে এক বাংলাদেশিকে সাড়ে তিন বছরের জেল দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। রোববার যুক্তরাজ্যের পোর্টসমাউথ নগরীর উইনচেস্টার ক্রাউন আদালতের বিচারক জন ডিক্সন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত গোলাম চৌধুরী পোর্টসমাউথ নগরীর বাসিন্দা। প্রসিকিউটর স্টিফেন পারিস বলেন, গোলাম চৌধুরী দেশে-বিদেশে বিনিয়োগের নানা প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। মামলার নথি থেকে জানা গেছে, বাংলাদেশে বিনিয়োগের কথা বলে তিনি এক বিনিয়োগকারীর কাছ থেকে ২০ হাজার পাউন্ড নেন। তার শর্ত ছিলো- প্রতি সপ্তাহে আটশ’ পাউন্ড মুনাফা দেবেন। কিন্তু প্রথম দফায় মুনাফা দেওয়ার পর তিনি আর কোনো অর্থ দেননি। যুক্তরাজ্যে বসবাসরত অপর এক বাংলাদেশি মোহাম্মদ আলী সৈয়দের কাছ থেকেও এক লাখ পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে গোলাম চৌধুরীর বিরুদ্ধে। বাংলাদেশে চা বাগান ও সিঙ্গাপুরে লাভজনক খাতে বিনিয়োগের কথা বলে এ অর্থ নিয়েছেন তিনি। এভাবে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাত লাখ ৫০ হাজার পাউন্ড হাতিয়ে নেন গোলাম চৌধুরী। প্রায় ছয় সপ্তাহ বিচারকার্য পরিচালনা শেষে রোববার উইনচেস্টার ক্রাউন আদালত নয়টি প্রতারণার অভিযোগে গোলাম চৌধুরীকে দোষী সাব্যস্ত করে। রায় দিয়ে বিচারক জন ডিক্সন বলেন, গোলাম চৌধুরী বুদ্ধিমান যুবক, যিনি বাংলাদেশি কমিউনিটির বিশ্বাস ভেঙেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২২০২ ঘ.