খুলনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ঘোষণা ও কার্যকর করাসহ ১০ দফা দাবিতে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা অঞ্চলের আটটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।
রোববার সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাট, সূতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল সাড়ে ৯টায় প্লাটিনাম জুবিলী জুটমিলে গেটসভা ও বেলা দেড়টায় ক্রিসেন্ট জুট মিলে গেট সভা, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় স্টার জুট মিলে গেট সভা, বুধবার বেলা দেড়টায় ইস্টার্ন জুট মিলে গেট সভা এবং শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় ক্রিসেন্ট জুট মিলের সামনে বিআইডিসি রোডে শ্রমিক জনসভা।
এরপরও দাবি আদায় না হলে জনসভা থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা জানান।
সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক হাফিজুর রহমান ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলে কর্মরত শ্রমিকদের পাওনা জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০০৯ এর মজুরি কাঠামো (রোয়েদাদ) ঘোষণা নিয়ে গড়িমসি করা হচ্ছে।
সেটআপ সংশোধন করে শতভাগ শূন্য পদে বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, বন্ধ থাকা দৌলতপুর জুট মিল চালু, খালিশপুর জুট মিলের শ্রমিকদেরকে রাষ্ট্রায়ত্ত অন্যান্য পাটকলের শ্রমিকদের মতো সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহ আলম, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দিন, মাসুম গাজী, সোহরাব হোসেন, নুরুল হক, মোজাম্মেল হক, রুস্তম আলী, আবুল কালাম জিয়া, আবু হানিফ, আবদুল কুদ্দুস খান, আবদুল মজিদ মোল্লা, খলিলুর রহমান, লিটন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24