২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চুরির কথা বলে পিটিয়ে মারল নিরাপত্তাকর্মী

বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ডক ইয়ার্ডের নিরাপত্তাকর্মী চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

বরিশাল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ডক ইয়ার্ডের নিরাপত্তাকর্মী চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। রোববার সকালের এই ঘটনায় নিহত আব্দুর রহমান সিকদার (৩০) নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরব আলী সিকদারের ছেলে। রহমান রাজমিস্ত্রি ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। রহমানকে পেটানো নিরাপত্তারক্ষী আব্দুর রাজ্জাককে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। যে লোহার রড দিয়ে রহমানকে পেটানো হয়, তা জব্দ করেছে পুলিশ। রাজ্জাক ঝালকাঠীর নলছিটি উপজেলার মানপাশা গ্রামের মো. সেরাজউদ্দিনের ছেলে। তিনি বেলতলা খেয়াঘাট এলাকায় সুন্দরবন নেভিগেশনের ডক ইয়ার্ডের নিরাপত্তারক্ষী। রাজ্জাক বলেছেন, বরিশাল-ঢাকা রুটের নির্মীয়মান সুন্দরবন-১০ লঞ্চের লোহার পাত চুরি করায় রহমানকে মারধর করেন তিনি। তার এই দাবি প্রত্যাখ্যান করে নগরীর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল হক সাংবাদিকদের বলেন, ডক ইয়ার্ড থেকে লোহার পাত চুরি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। “রহমান যদি চুরি করতোও, তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল,” বলেন তিনি। রহমান হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ডক ইয়ার্ডের সামনে বিক্ষোভ শুরু করে। তখন র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে জনতাকে লাঠিপেটা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। প্রত্যক্ষদর্শী মো. লিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহমানকে ভোর রাত ৪টার দিকে রাস্তা থেকে ধরে নেয় নিরাপত্তারক্ষী রাজ্জাক। ভোর ৫টা পর্যন্ত তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। “গুরুতর আহত রহমান কোনো রকমে রাস্তার ওপর উঠলে পেছন থেকে তার মাথার ওপর লোহার রড দিয়ে আঘাত করে রাজ্জাক। এ রকম তিনটি আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে রহমান,” বলেন তিনি। রহমানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। রহমানের ভাই মোহাম্মদ জুয়েল বলেছেন, এই ঘটনায় তারা মামলা করবেন। নিরাপত্তারক্ষী রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডক ইয়ার্ড মালিক বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু তাকে নির্দেশ দিয়েছে, ‘কোনো চোর ধরা পড়লে পিটিয়ে মেরে ফেলবি’।” মহানগরীর কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো চুরির অভিযোগ নেই। তিনি পুলিশের খাতায় চোর হিসেবে তালিকাভুক্তও নন। হত্যার কথা রাজ্জাক স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটার কথা অস্বীকার করেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.