২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হন ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ব্রাক্ষণবাডিয়া, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হন ছয়জন। শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এবং নাসিরনগরের কলেজ রোড এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্কুলছাত্র শরীফ (১৭) ও হোটেল কর্মচারী একিন আলী ওরফে শামীম (৪৫)। কাউতলী এলাকার বাসিন্দা আব্দুন নূর বলেন, কাউতলী এলাকায় রেললাইনে কাটা পড়ে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শরীফ নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় শরীফের বন্ধু এমদাদুল হক (১৮)। আব্দুন নূর আরো বলেন, রেললাইন দিয়ে দুই বন্ধু হেডফোনে গান শুনতে শুনতে হাঁটছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শরীফ নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় এমদাদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে নাসিরনগর কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একিন আলী ওরফে শামীম নিহত হন। এ দুর্ঘটনায় নাসিরনগর ডিগ্রি কলেজের দুই ছাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক বলেন, নিহত শামীমের বাড়ি নাসিরনগরের নুরপুর গ্রামে। তিনি আশুগঞ্জের হাইওয়ে হোটেল রাজমনির ব্যবস্থাপক ছিলেন। আহতরা হলেন- কলেজ ছাত্রী জুঁই , ঝুমা ঘোষ, পথচারী বাহার মিয়া, সেলিম মিয়া ও রিপন বালা সূত্রধর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৩২ ঘ.