২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে উত্তরা ব্যাংকে আগুন

ঢাকার সাভারে উত্তরা ব্যাংকে আগুনে তিন নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। আসবাবপত্রসহ বেশকিছু মালামালও পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

সাভার, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে উত্তরা ব্যাংকে আগুনে তিন নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। আসবাবপত্রসহ বেশকিছু মালামালও পুড়ে গেছে। শনিবার সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে উত্তরা ব্যাংক জিরানী শাখায় এ অগ্নিকাণ্ড হয়। দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধদের মধ্যে আনসার প্লাটুন কমান্ডার তপন মল্লিক ও সদস্য সাইফুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। অপর আনসার সদস্য রোকনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বেরুতে দেখে এলাকাবাসী তাদের সংবাদ দেয়। আক্তারুজ্জামান বলেন, রাতে ব্যাংকের ভেতরে সোফায় আনসার সদস্যরা ঘুমিয়েছিলেন। মশার কয়েলের আগুন থেকে প্রথমে সোফায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। এই দমকল কর্মকর্তা আরো বলেন, আগুনে ব্যাংকের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ৪০/৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক গোলাম মোস্তফার দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ব্যাংকের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে আসবাবপত্র পুড়লেও কম্পিউটার, টাকা ও কাগজপত্রসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১২ ঘ.