হবিগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন একজন।
শুক্রবার রাতে হরিশ্যামা গ্রামে নিহত জগন্নাথ দাস (৩০) আন্দিউড়া ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি হরিশ্যামা গ্রামের দুর্জোধন দাসের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে মাধবপুর উপজেলা সদর থেকে এক সঙ্গীসহ বাড়ি ফিরছিলেন জগন্নাথ দাস। মাধবপুর-সুলতানপুর সড়কের হরিশ্যামা শ্মশানঘাটের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত পৌনে ১০টায় জগন্নাথের মৃত্যু হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ইউপি সদস্য জগন্নাথ দাস খুন হয়েছেন ছুরিকাঘাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24