গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চার মুসল্লি।
এরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার মামুদ গ্রামের হাবিবুর রহমান (৭০), চট্টগ্রামের সাতকানিয়া থানার কাগরিয়া গ্রামের নজীব উল্যাহ (৬০), ফেনীর মো. মোস্তফা (৬০) এবং নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের আ. জলিল (৫৫)।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের মৃত্যু হয়েছে হৃদরোগে।”
বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের আমির আদম আলী জানান, বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে মো. মোস্তফাকে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
আর বাকি তিনজন বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে ইজতেমা ময়দানে মুসল্লিদের থাকার জন্য নির্ধরিত জেলাভিত্তিক খিত্তায় মারা যান।
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের হাজী আব্দুল ওয়াহাবের বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় সম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ৩২টি জেলার মুসল্লিরা।
ইজতেমায় যোগ দিতে বৃহস্পতিবার থেকেই দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি জড়ো হতে শুরু করেন ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার এ বিশ্ব সম্মেলনের প্রথম পর্যায় শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১০ ঘ.
bdnews24