২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

শাবি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। এদিকে ঘটনার বিচার দাবি করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় সাতটি অভিযোগ জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকরা। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল গণি। বুধবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে বিকালে ছাত্রলীগের আনন্দ মিছিল করার পর শিবিরের সঙ্গে সংঘাত বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হন। ছাত্র শিবিরের আল্টিমেটাম বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা। পাশাপাশি আবাসিক হলে ভাংচুরের ক্ষতিপূরণ ও হলে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিবির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক এহছানুল কবীর, প্রচার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের স্মারকলিপি শবিতে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকরা ৭ দফা অভিযোগ জানিয়ে এর প্রতিকার করতে উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে- ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরও প্রশাসনের যথাযথ উদ্যোগ না নেওয়া, পুুলিশ ও র‌্যাবের নীরব ভূমিকা, বৈধ ছাত্রদের হল থেকে বের করে দেওয়া, প্রকাশ্যে অস্ত্রের মহড়া ইত্যাদি। স্মারকলিপিতে সই করেছেন ড. সাজেদুল করিম, ড. আবু ইউসুফ, ড. ইকবালসহ ২৮ শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৫ ঘ.