২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপরাধ’ ভালো খেলা

কলেজের বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বাগেরহাট পিসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে কয়েক তরুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

বাগেরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজের বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বাগেরহাট পিসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে কয়েক তরুণ। আহত আশিকুর রহমান শাকিল (২২) কলেজের ব্যাডমিন্টন প্রতিযোগিতার গত বছরের চ্যাম্পিয়ন। এ বছর তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিষেধ করেছিল এক সহপাঠী। তা উপেক্ষা করে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় শাকিলকে বুধবার সন্ধ্যায় রড ও লাঠি দিয়ে পেটানো হয় বলে কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। øাতক দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল (২২) ইসলামী ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের কর্মচারী আতিয়ার রহমান সরদারের ছেলে। শাকিলের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে খুলনা কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শহরের খারদ্বার এলাকার শেখ শাহরিয়ার অনিক (১৮), বাগেরহাট কারিগরী স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র হাড়িখালী এলাকার আল আখিরুল ইসলাম জুয়েল (১৮) এবং খুলনা সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র হরিণখানা এলাকার মোমিনুল হক আকাশ (১৯) গ্রেপ্তার হয়েছেন। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদয় নামে এক তরুণের প্ররোচনায় এই তিন জন শাকিলের ওপর হামলা চালানোর কথা স্বীকার করেছে। অধ্যক্ষ সুকণ্ঠ জানান, গত বছরের চ্যাম্পিয়ন শাকিলকে এবার প্রতিযোগিতায় অংশ না নিতে হৃদয় নিষেধ করে। তারপরও শাকিল খেলায় অংশ নিলে বুধবার সন্ধ্যায় তাকে হৃদয়ের সহযোগীরা খেলার মাঠ থেকে ডেকে ক্যাম্পাসের পুকুরপাড়ে নিয়ে মারধর করে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায় কলেজের ছাত্র ও শিক্ষকরা। এ ঘটনায় শাকিলের বাবা পাঁচ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। তিন জনকে গ্রেপ্তার করলেও পুলিশ পরিদর্শক জিহাদ জানান, প্রধান অভিযুক্ত শহরের নাগেরবাজার এলাকার মোহন কাজীর ছেলে হৃদয়কে আটক করতে পারেননি তারা। হৃদয় সম্পর্কে অধ্যক্ষ জানান, ছাত্রদের মারধরের অভিযোগে গতবছর কলেজ কর্তৃপক্ষ হৃদয়কে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও অভিভাবকের অনুরোধে তাকে সে যাত্রা ক্ষমা করা হয়। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি চিকিৎসক প্রদীপ বকশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাকিলের মাথায় তিনটি রক্তাক্ত গভীর ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও লাঠির আঘাতের চি‎হ্ন রয়েছে। অবস্থার অবনতি ঘটায় বুধবার রাতেই তাকে খুলনায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৩৮ ঘ.