দিনাজপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতের সাবেক আমীর গোলাম আজমকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার চেষ্টাকালে দিনাজপুর শহর থেকে দলটির পাঁচ মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ৩টার দিকে স্টেশন রোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- নুরুন নাহার (৫৫), আনোয়ারা বেগম (৫৪), মাহমুদা (৫৫), রাজিয়া বেগম (৫৩) ও রোকেয়া বেগম (৫৮)। এদের সবার বাড়ি সদর উপজেলার মনিপুর গ্রামে।
তাদের কাছ থেকে জামায়াতের বিভিন্ন প্রচারপত্র ও চাঁদার রশিদ বই উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক সবাই জামায়াতে ইসলামীর সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সকালে গোলাম আযমের জামিন আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খারিজ হয়ে যায়। পরে তাকে কারগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24