ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৩ হাজার ২০০ বোতল ফেন্সিডিলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে মিন্টু রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছানা উল্লাহ (৩৫), জসিম উদ্দিন (২৭), লিটর হোসেন (৩০), মো.আহসান (৩১), মোহর আলী (২৮), ওসমান গণি (২৮), মোশারফ হোসেন (৩২), ইয়াসিন (২৬), রাশিদা আক্তার (৩১), ইসহাক (২৫) ও জাকারিয়া (২২)।
মশিউর বলেন, সাতক্ষীরা থেকে মাছের পোনাবাহী ট্রাকে করে ফেন্সিডিলগুলো ঢাকায় আনা হয়। পরে প্রাইভেটকার ও অটো-রিকশায় করে বিভিন্ন এলাকায় পৌঁছানোর সময় তাদের আটক করা হয়।
পুলিশ ফেন্সিডিল বহনকারী ট্রাক, প্রাইভেটকার ও আটোরিকশাও আটক করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৩২৩ ঘ.
bdnews24