চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সোনা মসজিদ স্থল বন্দরের বিপরীতে ভারতের মালদহ জেলায় মোহদীপুর স্থল বন্দরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, এটি সৌজন্য সাক্ষাত। উভয়পক্ষের মধ্যে শন্তিপূর্ণ সহাবস্থান, মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচারসহ সীমান্তের নিরাপত্তা নিয়ে সোহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং ১৫ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেন বিএসএফ’র ইন্সপেক্টর জেনারেল আর কে হাজেল।
উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায় বলে জানান জাহাঙ্গীর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩৬ ঘ.
bdnews24