শরীয়তপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাতবোমা ও অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কবিরাজ কান্দিতে রশিদ কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রশীদ কবিরাজ (৩৫) ও মোশারফ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই আওয়ামী লীগ সমর্থক।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে কবিরাজকান্দি গ্রামে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ কবিরাজ ও যুবদলের সদস্য বাবুল মাঝির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছিল।
গোপন খবরের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে রশিদ কবিরাজের বাড়ি থেকে ৪২টি তাজা হাতবোমা, শতাধিক শুরকি, ২০টি ঢাল ও ২০টি রামদাসহ বিপুল পরিমাণ হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রশীদ ও মোশারফ যুবদল সদস্য বাবুল মাঝির সমর্থক। এদিকে গ্রেপ্তারকৃতদের বিচারের দাবিতে সিরাজ কবিরাজের সমর্থকরা এলাকায় একটি মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪২ ঘ.
bdnews24