ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় টিকা দিবসের প্রথম দফায় সারা দেশে ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এবারের জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন।
এবার এক লাখ ৪০ হাজার স্থায়ী ও ২০ হাজার মোবাইল কেন্দ্র থেকে টিকা খাওয়ানোর কার্যক্রম চলছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের দুই ফোঁটা করে টিকা এবং একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হচ্ছে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল।
শুক্রবার মহাখালীর ইপিআই ভবনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান, টিকা দিবসের পরবর্তী চার দিন পাড়া মহল্লার বাড়ি-বাড়ি ঘুরে বাদ পড়া শিশুদের টিকা খাওয়ানো হবে।
মন্ত্রী জানান, ২০০০ সালের ২২ অগাস্ট থেকে পরের পাঁচ বছর বাংলাদেশ পোলিওমুক্ত থাকলেও ২০০৬ সালের ৮ মার্চ দেশে আবারো পোলিওর সংক্রমণ ঘটে। বর্তমানে দেশে কোনো পোলিও রোগী না থাকলেও পার্শ¦বর্তী দেশ ভারতের বর্ধমানে একজন পোলিও রোগী সনাক্ত হওয়ায় বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৫ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়। এই পরিপ্রেক্ষিতে ২০১৩ সাল থেকে টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়ার টিকাও দেওয়া হবে।
এবার দ্বিতীয় দফায় টিকা খাওয়ানো হবে ১১ ফেব্র“য়ারি। সেদিন ২ থেকে ৫ বছরের সব শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১২১৯ ঘ.
bdnews24