চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) যানবাহন ব্যবহার করে নগরীতে বিএনপির রোড মার্চ ও সমাবেশের ব্যানার লাগানো হয়েছে।
শুক্রবার দুপুরে নগর ভবনের সামনে আন্দরকিল্লা মোড়ে সিসিসি’র একটি হাইড্রলিক লিফট ব্যবহার করে কয়েকটি ব্যানার লাগানো হয়। এসময় কয়েকটি সংবাদ মাধ্যমের আলোকচিত্রী ছবি তুলতে শুরু করলে ওই গাড়ির চালক তার ছবি না তুলতে অনুরোধ করেন।
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসছে, চট্টগ্রামবাসী জাগছে’ লেখা আন্দরকিল্লা মোড়ে লাগানো ওই ব্যানারে মেয়র মনজুর আলম ও নগর বিএনপি নেতা শামসুল আলমের ছবিও আছে।
বিএনপির আগামী ৮ জানুয়ারির ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ পরবর্তী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মেয়রের পক্ষ থেকে প্রায় শ’খানেক ডিজিটাল ব্যানার লাগানো হয়।
রোড মার্চের পরদিন চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
খালেদা জিয়াকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো এসব ব্যানারের নিচের অংশে লেখা আছে, প্রচারে- মোহাম্মদ মনজুর আলম, মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
ব্যানার লাগানোয় সিসিসি’র গাড়ি ব্যবহার প্রসঙ্গে ফোনে জানতে চাইলে সিসিসি সচিব মো. সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছুটিতে গ্রামের বাড়ি এসেছি। কেউ ব্যানার লাগানোর কাজে কর্পোরেশনের গাড়ি ব্যবহার করেছে কি না তা আমার জানা নেই।”
গাড়ি ব্যবহার করে ব্যানার লাগানোর ছবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আছে জানিয়ে তার মতামত চাইলে সচিব বলেন, “কেই গাড়ি ব্যবহার করলে তা নিজ দায়িত্বে করেছে।”
‘‘আমি যতটুকু জানি মেয়র সাহেব নির্দেশ দিয়েছেন- এমন কোনো কাজ যেন করা না হয় যাতে কেউ মনে করতে পারে কর্পোরেশনকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে,’’।
সিসিসি’র গাড়ি ব্যবহারের বিষয়ে জানতে মেয়রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
সিসিসি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বলেন, “মেয়র সাহেব অসুস্থ। গাড়ি ব্যবহারের বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।”
সিসিসি’র প্রকৌশল (যান্ত্রিক) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোহাম্মদ সেকান্দরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “হাইড্রলিক লিফটটি বিদ্যুৎ বিভাগের কাজে ব্যবহার করা হয়। তবে কে বা কারা এটিকে ব্যানার লাগানোর কাজে ব্যবহার করেছে তা আমি জানি না।”
২০১০ সালের জুন মাসে বিএনপি’র সমর্থন নিয়ে সিসিসি’র নির্বাচনে জয়ী হন মেয়র মনজুর আলম। এরপর বিএনপি’র রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না মনজুর। তবে রোড মার্চকে সামনে রেখে স¤প্রতি বিএনপিতে পুরোদমে সক্রিয় হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/পিডি/২২৪২ ঘ.
bdnews24