চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচি বন্দরের জন্য নির্মিত দুটি যাত্রিবাহী জাহাজ হস্তান্তর করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
করাচি বন্দরের জন্য নির্মিত জাহাজ দুটি যাত্রী পরিবহনের জন্য করা হয়েছে। এর প্রতিটিতে ২১৫ জন যাত্রী ও ১০ জন ক্রু পরিবহন করা যাবে।
প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ৬ দশমিক ১৮ মিটার এবং এর গভীরতা ১ দশমিক ৮ মিটার।
২০১০ সালের অক্টোবরে এ জাহাজ দুটির নির্মাণ কাজ শুরু হয়। জাহাজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ওয়েস্টার্ন মেরিনের নিজস্ব ইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটি হস্তান্তর হয়।
শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আফরাসিয়াব মেহেদি হাশমি উপস্থিতিতে জাহাজ হস্তান্তর হয়। এ সময় করাচি বন্দরের মহাব্যবস্থাপক আজহার হায়াত, ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১১৭ ঘ.
bdnews24