২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ ব্যাংকের বিকাশ চায় যুক্তরাষ্ট্র’

সফররত মার্কিন কর্মকর্তা মেলান ভারভিয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গ্রামীণ ব্যাংকের সহযোগী এবং দেশটি চায় ব্যাংকটি ভবিষ্যতে আগের মতোই বিকশিত হোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত মার্কিন কর্মকর্তা মেলান ভারভিয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গ্রামীণ ব্যাংকের সহযোগী এবং দেশটি চায় ব্যাংকটি ভবিষ্যতে আগের মতোই বিকশিত হোক। বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ ব্যাংক সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন অ্যাম্বাস্যাডর অ্যাট লার্জ ভারভিয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন সফররত কংগ্রেস সদস্য বেটি ম্যাককালাম ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। মার্কিন এ দুই কর্মকর্তা সিংগাইরে ব্র্যাক সেন্টারও পরিদর্শন করেন। তারা বুধবার ঢাকা সফরে আসেন। ভারভিয়ার বলেন, “গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের বিকাশ বাধাগ্রস্ত হওয়া লজ্জার বিষয়। প্রতিষ্ঠানটির বিকাশ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।” ড্যান মজিনা বলেন, “একটি নির্বাচক কমিটির মাধ্যমে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে একজন দক্ষ ও যোগ্য প্রার্থী খুঁজে বের করা উচিৎ।” গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস তাকে ‘অব্যাহতি’ দিয়ে সরকারের দেওয়া এক আদেশের বিরুদ্ধে আদালতে গিয়েও হেরে যান। এরপর গত ১২ মে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ‘ইস্তফা’ দেন তিনি। এ সময় নুরজাহান বেগমকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেন তিনি। গত বছরের ১৬ অগাস্ট নুরজাহান অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ায় মো. শাহজাহান ভারপ্রাপ্ত হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। ইউনূসের ইস্তফার পর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য একটি সার্চ কমিটি করা হবে। মো. শাহজাহানকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একজন ব্যবস্থাপনা পরিচালক খুঁজে বের করার জন্য নির্বাচক কমিটি এখনও গঠন করা হয়নি। পরিচালনা পরিষদ (গ্রামীণ ব্যাংক) একটি নির্বাচক কমিটি গঠন করবে এবং এ প্রক্রিয়াটি চলমান।” সরকার কর্তৃক নিয়োগকৃত তিনজন, ঋণগ্রহীতাদের মধ্য থেকে নয় জন ও একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়ে ব্যাংটির ১৩ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংটির নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সফলতা ও ব্যর্থতা মার্কিন প্রতিনিধিদের এই সফরে কয়েকজন ঋণগ্রহীতা তাদের সফলতার কথা শোনান। পাশাপাশি ঋণের দায় মাথায় নিয়ে সর্বস্ব হারানোর কথাও শোনান অনেকে। লালজান নামের এক নারী বলেন, তিনি একটি দুগ্ধবতী গাভী কেনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে তিন হাজার টাকা ঋণ নেন। বর্তমানে তার ঋণ হিসাবের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ টাকায়। ফুলজান নামে আরেক নারী বলেন, ২০ বছর আগে তিনি গ্রামীণ ব্যাংক থেকে তিন হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বর্তমানে তিনি ৫০ লাখ টাকার বেশি সম্পদের মালিক। রবি দাস নামে আরেক ঋণগ্রহীতা বলেন, গ্রামীণ ব্যাংক থেকে ছয়শ টাকা ঋণ নিয়ে কিছু মুরগীর বাচ্চা কিনেছিলেন তিনি। কিছুদিন না যেতেই বাচ্চাগুলো মারা যায়। এ কারণে এখন তিনি ভিক্ষা করে জীবন যাপন করেন বলে জানান রবি দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/পিডি/২০৪৭ ঘ.