২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর কখনো বোটে উঠবো না’

নৌকাডুবির পর সাঁতরে তীরে ওঠা ১৭ বছরের শাহেদ বললেন, “মরতে মরতে বেঁেচ গেছি। আর কখনো বোটে ঊঠবো না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌকাডুবির পর সাঁতরে তীরে ওঠা ১৭ বছরের শাহেদ বললেন, “মরতে মরতে বেঁেচ গেছি। আর কখনো বোটে ঊঠবো না।” বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালীর রাইখালী খালে ইঞ্জিনচালিত নৌকাডুবির পর বেঁচে যাওয়া শাহেদ প্রথম এই কথাই বললেন। দোতলা নৌকার নিচে বসলেও জানালা খোলা থাকায় প্রাণে বেঁচে যান মো. শাহেদ (১৭) ও অন্য দুজনের। তারা হলেন- মো. ফয়সাল (২০) ও শফিকুল (২৩)। তিন জনই পশ্চিম গোমদণ্ডী ঘাটকূল এলাকায় এফএমসি ডক ইয়ার্ড লিমিটেডের শ্রমিক। শফিক ও ফয়সালের বাড়ি বরিশাল, আর শাহেদের ব্রাহ্মণবাড়িয়ায়। এই নৌকা ডুবির পর পাঁচ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। আরো পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ ধারণা করছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন জন। মরতে মরতে বেঁেচ যাওয়া শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদী ও রায়খালী খালের মাঝমাঝি এফএমসি ডক ইয়ার্ড। এরপরেই লোকালয়। ইয়ার্ডের ‘এমভি-এফএমসি ফোর’ নিজস্ব ইঞ্জিনচালিত দোতলা নৌকায় করে যাওয়া আসা করতে হয় আমাদের। প্রতিদিন দুপুরে ওই নৌকায় করে ইয়ার্ডের সব শ্রমিক দুপুরের খাবার খেতে গ্রামে যায়। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও প্রায় ৫০ শ্রমিক দুপুরের খাবার খেতে যাবার জন্য নৌকায় ওঠেন। শাহেদ বলেন, দোতলা নৌকাটির বসার স্থানে না বসে বেশিরভাগ শ্রমিক নৌকার ডেকে বসে। এতে একপাশে বেশি চাপ পড়ায় কাত হয়ে যায় নৌকাটি। “এর পরপরই নৌকাটি উল্টে যায়। প্রথমে একটি ডুব দেওয়ার পর আবার ভেসে উঠে নৌকাটি। তখন নৌকাটির জানালা খোলা থাকায় আমরা বের হয়ে সাঁতরে কূলে উঠি,” বলেন তিনি। শহেদ জানান, প্রথমে ডুবে একবার ভেসে ওঠার পর আবার ডুবে যায় নৌকাটি। সঙ্গে সঙ্গে ডুবে যায় আরোহী অন্যরাও। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ডুবে যায় বলে মনে করছে পুলিশ এবং স্থানীয়রা। বিষয়টি এফএমসি ডকইয়ার্ডের ক্রয় কর্মকর্তা (পারসেস অফিসার) মুস্তাকিম আহমেদ স্বীকারও করেছেন। তিনি বলেন, “সম্ভবত অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবি হয়েছে।” ডুবে যাওয়ার পর প্রথমে প্রতিষ্ঠানের ডুবুরি দিয়ে খোঁজ করা হয়। এরপর তাদের সঙ্গে যোগ দেয় অগ্নিনির্বাপক বাহিনী ও নৌ-বাহিনীর ডুবুরি দল। এফএমসি ডকইয়ার্ডের এক জন নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে নৌকা করে শ্রমিকরা খাল পার হচ্ছিল, তা যাত্রী পরিবহন করে না।” নৌকাটি রায়খালী খালে গ্রামের দিকের একটি ঘাঁটে বাঁধা ছিল। বৃহস্পতিবার নৌকাটি লোক পরিবহনের জন্য ইয়ার্ডের ঘাটে আনা হয়,” বলেন তিনি। ওই নিরাপত্তাকর্মী বলেন, শ্রমিকরা নৌকার নিচতলায় বসার জায়গায় না গিয়ে লাফিয়ে ডেকে উঠে পড়ে। শেষজন ওঠার পর পাড়ের খুটি থেকে রশি খুলে দেওয়া হয়। “সবাই নৌকার ডেকে উঠার কারণে নৌকাটি আগেই কাত ছিল। রশি খুলে দেওয়ার সাথে সাথে নৌকাটি উল্টে যায়,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০০০ ঘ.