ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন ধর্মালম্বীদের ‘অগোচরে’ তাদের গরুর মাংস খাওয়ানোর অপরাধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে হাই কোর্ট।
সিলেটের একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে খাসির মাংসের কথা বলে গো-মাংস খাওয়ানো হয়- এ বিষয়ক একটি রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার হাই কোর্ট এ আদেশ দেয়।
ধর্মীয় অনুশাসন অনুযায়ী, হিন্দু স¤প্রদায়ের গো-মাংস খাওয়া নিষেধ।
সিলেটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের বুধবার আদেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।
একইসঙ্গে ওই ঘটনায় নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ড. সায়েলা খাতুন, সদস্য সচিব নাজমা বেগম এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ১৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাস গুপ্ত সকালে রিট আবেদনটি করেন। আবেদনের সঙ্গে তিনি বাংলা দৈনিক মানবজমিনে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন।
গত ২৮ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২৫ ডিসেম্বর সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০৮ বছর পূর্তি অনুষ্ঠানে খাসির মাংসের কথা বলে সনাতন ধর্মাবলম্বীদের গরুর মাংস খাওয়ানোর ঘটনা ঘটে।
আদালত আদেশে বলে, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এ দেশের সংবিধানে সব ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এখানে পুনর্মিলনীর মতো সার্বজনীন অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ানো হয়েছে।
“হিন্দু ধর্মাবলম্বীরা গরুর মাংস খান না। সেখানে এ ধরনের অনুষ্ঠানে মানুষকে বিভ্রান্ত করে গরুর মাংস খাওয়ানো মারাত্মক ধরণের অপরাধ। ওই অনুষ্ঠানের যারা আয়োজক ও খাবার পরিবেশনে দায়িত্বে থাকা মানুষ এর দায় এড়াতে পারে না।”
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সনাতন ধর্মালম্বীদের জন্য খাসি ও মোরগের মাংসের ব্যবস্থা থাকলেও মুসলমানদের সঙ্গে সবাইকে একসঙ্গে গরুর মাংস খাওয়ানো হয়। বিষয়টি পরে জানাজানি হওয়ায় সিলেটের সনাতন ধর্মালম্বীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে মানবাধিকার সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক ও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করে। পরের দিন স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করলেও তারা আন্দোলন চালিয়ে যায়।
সনাতন ধর্মাবলম্বীদের গো-মাংস খাওয়ায় নিষেধ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন মালবিকা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদিক যুগে সনাতন ধর্মাবলম্বীদের জন্য গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিলো না। পরবর্তীতে কৃষিকাজের জন্য গরুর প্রয়োজনীয়তা থাকায় গরু নিধন বন্ধে গরুর মাংস না খাওয়ার অনুরোধ জানানো হয়। “কিন্তু সে অনুরোধ না রাখায় ধর্মীয়ভাবে এ মাংস খাওয়া নিষিদ্ধ হয়।”
আদালতে রিট আবেদনকারী অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত নিজেই শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/২১০৩ ঘ.
bdnews24