কুমিল্লা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে কুমিল্লায় ভোটের আগের দিন ঘোরাঘুরির সময় দুজন ধরা পড়েছেন। ধরা পড়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেও সফল হননি তারা।
ইমরান হোসেন ও তৌহিদ হাসান নামের এই দুই ব্যক্তিকে মঙ্গলবার মধ্যরাতে আটকের পর বুধবার ভাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে। এরপর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
ইমরান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার বাসিন্দা। হাসানের বাসা ঢাকার সূত্রাপুর থানার হাটখোলা এলাকায়।
তাদের সাজার পর নির্বাচন কমিশনের দাবি, এর মাধ্যমে নির্বাচনে নাশকতা চালানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে তারা। বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহলের সময় রানীর বাজার এলাকায় ‘প্রেস’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হয়।
গাড়ি থামিয়ে পরিচয় জানতে চাওয়া হলে আরোহী ইমরান ও তৌহিদ নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেন বলে বাতেন জানান।
তবে দুজনের অসংলগ্ন কথাবার্তা এবং পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় গাড়িতে তল্লাশি চালিয়ে নির্বাচন সংক্রান্ত আপত্তিকর লিফলেট, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা ও এক প্রার্থীর নেতাকর্মী-ঘনিষ্ঠজনদের শারীরিক বর্ণনাসহ নামের তালিকা পাওয় যায়।
নির্বাচন কর্মকর্তা বাতেন বলেন, “তাদের আচার-আচারণ ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত কাগজপত্র দ্বারা প্রতীয়মান হয় তারা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছিল।”
তবে উদ্ধার করা তালিকা দেখাতে রাজি হননি নির্বাচন সংশ্লিষ্টরা।
আটকের পর ইমরান ও হাসানকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কার্যালয়ে আনা হয়। তবে পালিয়ে যায় গাড়িচালক।
ভোটারদের ভয়ভীতি দেখানোর অপরাধে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২০৪৫ ঘ.
bdnews24