বরগুনা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার স্কুল শিক্ষিকা ও তার মেয়েকে মারধরের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে শ্যামল নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জমি নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা বেগমের (৪৫) মাথা ইটের আঘাতে থেঁতলে প্রতিপক্ষের লোকজন। মাকে রক্ষা করতে গেলে মেয়ে ফারহাও (১৫) আহত হন।
মঙ্গলবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলা করেন মাহফুজার স্বামী আব্দুর রাজ্জাক।
আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, বুধবার সকালে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার পর শ্যামলকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজা বেগমের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষিকা মাহফুজা বেগমের সঙ্গে প্রতিবেশী অমলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
সোমবার সন্ধ্যায় ওই জমিতে পায়খানা নির্মাণ করতে গেলে মাহফুজা প্রতিবেশী অমল চন্দ্রকে নিষেধ করেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অমল তার ছেলে পরিমল, স্ত্রী রেভা, ছেলের স্ত্রী ববিতা এবং বোন বিভা মাহফুজা ও তার মেয়ের ওপর হামলা চালায়। এ সময় ইট দিয়ে মাহফুজার মাথায় আঘাত করে এবং গাছের ডাল দিয়ে পেটায়। তিনি জ্ঞান হারালে হামলাকরীরা পালিয়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তেং মং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহফুজার মাথা ফাটেনি, তবে থেঁতলে গেছে।”
মাথার ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন, বলেন এই চিকিৎসক।
এ ব্যাপারে অমল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জমিতে আমরা যা খুশি তা করবো। পায়খানা নির্মাণে বাধা দেওয়ায় পেটানো হয়েছে।”
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক মো. রেজাউল করিম জানান, প্রধান শিক্ষককে আহত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার আমতলী শহরে বিক্ষোভ মিছিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24