গাইবান্ধা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
নিহত বাসার মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত সুরকুটু শেখের ছেলে।
সদর থানার ওসি আফজাল হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে ৪/৫ জন গরুচার দক্ষিণ ধানঘড়া গ্রামের মোমিনুল ইসলামের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে।
বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী চোরদের পিছু ধাওয়া করে। পরে দক্ষিণ ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন বাসারকে আটক করে তারা। বাকিরা পালিয়ে যায়। এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে বাসারের মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বাসারের স্ত্রী ছোলেমা বেগম এ ঘটনায় বুধবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৪৭ ঘ.
bdnews24