২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টা মামলায় বক্তব্য দেওয়া হলো না কোহিনূরের

ধর্ষণচেষ্টা মামলায় স্থানীয় ভাইস চেয়ারম্যানের কাছে বক্তব্য দেওয়ার আগের দিন ঝালকাঠীতে খুন হয়েছেন এক স্বামী পরিত্যক্তা নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঝালকাঠী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণচেষ্টা মামলায় স্থানীয় ভাইস চেয়ারম্যানের কাছে বক্তব্য দেওয়ার আগের দিন ঝালকাঠীতে খুন হয়েছেন এক স্বামী পরিত্যক্তা নারী। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গরংগল গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে কোহিনূর বেগম (২৮) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঝালকাঠী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী জানান, গত বছরের ২৪ অক্টোবর একই গ্রামের দেলোয়ার হোসেন (১৯) ও তার ভগ্নিপতি বাবুল ফকিরের (৩৫) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন কোহিনূর। আদালত এ বিষয়ে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে তাকে নির্দেশ দিয়েছিলো। বুধবার বাদী ও আসামিপক্ষের বক্তব্য শোনার কথা ছিলো। ঝালকাঠী সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে কোহিনূরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে খুনের ঘটনায় নিহতের দুই ভাই জলিল হাওলাদার ও খলিল হাওলাদারসহ একই গ্রামের মুনসুর ও সিদ্দিক নামে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মা সালেহা বেগম (৬০) কারো নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। নিহতের ভাইয়ের স্ত্রী নাসরিন আক্তার অভিযোগ করেন, যারা তার ননদকে ধর্ষণের চেষ্টা করেছিলো তারাই এ খুনের সঙ্গে জড়িত। আসামিরা বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলো বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১৯ ঘ.