২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধস্তাধস্তি: কালো ব্যাজ পরবেন জগন্নাথের শিক্ষকরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক¯ম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “বামপন্থী ছাত্র সংগঠনের ব্যক্তিদের দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাঞ্ছিত হওয়ায় ৫ জানুয়ারি সব শিক্ষক কালো ব্যাজ ধারণ করবেন।” এছাড়া সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানব বন্ধন করা হবে বলে জানান তিনি। জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পর এ সংক্রান্ত আইনে পাঁচ বছর পর নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলানোর কথা বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের মাঝামাঝি সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া হলে ব্যাপক আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন। কিন্তু প্রশাসন আগের ধারাতেই শিক্ষার ব্যয় পুরোপুরি ছাত্রদের ওপর চাপাচ্ছে- এম অভিযোগ এনে প্রগতিশীল ছাত্রজোট গত মঙ্গলবার থেকে নতুন করে আন্দোলন শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকে যাওয়ার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভাঙতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। পুলিশের উপস্থিতিতে প্রায় ২৫ মিনিট এ অবস্থা চলার পর দুপুর সোয়া ১২টার দিকে তালা ভেঙে ফেলেন শিক্ষকরা। প্রক্টর অধ্যাপক ড. কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যথেষ্ট নমনীয়তা দেখিয়ে তাদের কাছে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের মূল্যায়ন করেনি। ভর্তি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তালা ভেঙে দেওয়া হয়েছে।” সংবাদ সম্মেলনে উপচার্য বলেন, এ ঘটনায় প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ছাত্রফ্রন্টের সভাপতি শরিফুল কবির বলেন, “আমাদের আন্দোলন বাধাগ্রস্ত করার জন্য গতকাল (মঙ্গলবার) ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে লেলিয়ে দেওয়া হয়েছিলো। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ নিয়ে আমাদের আন্দোলন ব্যাহত করার চেষ্টা করছে।” ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়নসহ সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলেও মন্তব্য করেন শরিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৪৩ ঘ.