সাভার, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। তবে নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত বুবুল মিয়া ওরফে আলম (২৬) স্ত্রীকে নিয়ে স্থানীয় জাকির হোসেনের বাসার ভাড়া থাকতেন। তিনি চাঁদপুর জেলার সদর থানা এলাকার আবুল কালামের ছেলে।
বুধবার ভোরে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় ছিনতাই করার সময় জনতা আলমকে ধরে পিটুনি দিলে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় আহত সুমন মিয়াকে (২৫) স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে আড়াপাড়া মহল্লার কামাল গার্মেন্টের সামনে ছিনতাইকারীরা একটি অটোরিকশা থামিয়ে ছিনতাই শুরু করে। এ সময় স্থানীয় জনতা দুইজনকে ধরে পিটুনি দেয়।”
তিনি বলেন, নিহত আলম একজন ‘পেশাদার ছিনতাইকারী’। তার বিরুদ্ধে থানায় বেশ কিছু অভিযোগ রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাপসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের স্ত্রী নুপুর বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী ছিনতাইকারী নয়।
“ভোরে স্থানীয় রবিউল, সম্রাট, মজিবরসহ কয়েকজন বাসা থেকে আলমকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমি খবর পাই, আমার স্বামী গণপিটুনিতে মারা গেছে।”
আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন নুপুর।
এর আগে গত শব-ই-বরাতের রাতে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয় ছয় ছাত্র। ওই ঘটনার পর সাভারের বিভিন্ন স্থানে গণপিটুনিতে আরো অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩২২ ঘ.
bdnews24