ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যবই বিতরণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বছরের প্রথম দিন গত রোববার সারাদেশে পাঠ্যবই বিতরণ হলেও কোথায় কোথাও অনিয়ম এবং তা বাজারে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তদন্ত কমিটি গঠনের কথা জানান।
শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “অনেক বিদ্যালয়ে ঠিকমতো বই বিতরণ করা হয়নি এবং সরকারি বই বাজারে বিক্রি হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।”
কমিটির অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) নারায়ণ চন্দ্র পাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জন প্রতিনিধি।
এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “কারা বাজারে বই এনেছে, কোন কোন স্কুলের শিক্ষার্থীরা ঠিকমতো বই পায়নি এবং এসবের জন্য যারা দায়ী এই কমিটি তাদের খুঁজে বের করবে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
দুই-একটি ব্যতিক্রম ছাড়া বছরের প্রথম দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন নাহিদ।
তিনি জানান, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় এবং নবম শ্রেণীতে বিভাগ (কলা, মানবিক, বাণিজ্য) নির্ধারণ এখনো না হওয়ায় এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম দিনেই বই না-ও পেতে পারেন।
বাজার থেকে বই না কিনতে অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আপনার সন্তানের বই স্কুলেই মজুদ আছে। কানো কারণে বই না পেয়ে থাকলে স্কুলে খবর নিন।”
রাজধানীর বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেওয়া হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “নীতিমালা লঙ্ঘন করে কেউ অতিরিক্ত অর্থ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
রাজধানীর নামকরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেওয়া বিষয়ক প্রতিবেদন সাংবাদিকরা শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করলে মন্ত্রী এর আংশিক জবাব দিয়ে সংবাদ সম্মেলন শেষ করে দেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24