২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের উৎপাদন বেড়েছে: পেট্রোবাংলা চেয়ারম্যান

গ্যাস সংকট দেখিয়ে বাসাবাড়ি ও শিল্প কারখানায় নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকলেও পেট্রোবাংলা চেয়ারম্যান বলেছেন, গত তিন বছরে উৎপাদন দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংকট দেখিয়ে বাসাবাড়ি ও শিল্প কারখানায় নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকলেও পেট্রোবাংলা চেয়ারম্যান বলেছেন, গত তিন বছরে উৎপাদন দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) বেড়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রাকৃতিক গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ চিত্র ও বিগত তিন বছরের সাফল্য তুলে ধরে উৎপাদন বৃদ্ধির এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, “২০০৯ সালের জানুয়ারিতে এ সরকার দায়িত্ব নেওয়ার সময় দৈনিক গড় উৎপাদন ছিলো ১৭৪৪ এমএমসিএফ, এখন তা ২০৬৪ এমএমসিএফ উন্নীত হয়েছে।” বর্তমানে দৈনিক গ্যাসের উৎপাদন ক্ষমতা ২২৪৯ এমএমসিএফ। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের এই চেয়ারম্যান বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ৫০০ এমএমসিএফ। তবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে দৈনিক ১৮৫ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। সাতটি গ্যাসক্ষেত্র থেকে এ গ্যাস পাওয়া যাবে। দেশে মোট গ্যাসক্ষেত্র রয়েছে ২৪টি। এর মধ্যে উৎপাদনরত গ্যাসক্ষেত্র ১৮টি এবং গ্যাসকূপ ৮১টি। মনসুর জানান, বর্তমানে মোট গ্যাসের প্রাথমিক মজুদ (প্রমাণিত ও সম্ভাব্য) ২০ দশমিক ৬১ ট্রিলিয়ন ঘনফুট। গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট গ্যাস উৎপাদন হয়েছে ১০ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। সে হিসেবে বর্তমানে প্রাক্কলিত গ্যাসের মজুদ (প্রমাণিত ও সম্ভাব্য) রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন ঘনফুট। উৎপাদিত গ্যাসের ৩৯ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে (পিডিবি ও অন্যান্য প্রতিষ্ঠান), ১৬ শতাংশ ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন, ১৭ শতাংশ শিল্প, ১২ শতাংশ গৃহস্থালী, ১০ শতাংশ সারকারখানা, ৫ শতাংশ সিএনজি, বাণিজ্যিকে দশমিক ৯ শতাংশ এবং চা-বাগানে দশমিক ১ শতাংশ গ্যাস ব্যবহার হচ্ছে বলে জানান তিনি। ২০১৫ সাল পর্যন্ত গ্যাসের সম্ভাব্য চাহিদা প্রসঙ্গে মনসুর বলেন, “২০১৫ সালে গ্যাসের চাহিদা হবে ৩৭৪৬ এমএমসিএফ, ২০১৪ সালে ৩৫৯১ এমএমসিএফ, ২০১৩ সালে ৩৩৪১ এমএমসিএফ এবং চলতি বছরের শেষ সময়ে ৩০৪৩ এমএমসিএফ।” চলতি বছর এবং আগামী বছরের চাহিদা মেটাতে আরো প্রায় ২০টি কূপ খনন করা হবে জানিয়ে তিনি বলেন, “এসব কূপ থেকে প্রায় ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদন হবে।” ‘নতুন সংযোগের সিদ্ধান্ত নেবে সরকার’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসেন মনসুর বলেন, “নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে কি না তা সরকার সিদ্ধান্ত নেবে। তবে এ মাসের মধ্যে রাজশাহী অঞ্চলে গ্যাস সংযোগ দেওয়া হবে।” গ্যাস সংকটের কারণ দেখিয়ে ২০০৯ সালের জুলাই থেকে নুতন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে সরকার। অন্যদিকে গত বছরের অক্টোবরে গ্যাস স্ট্যাগারিংয়ের প্রতিবাদে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে চট্টগ্রামের রি রোলিং মিলের মালিকরা। পরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ওই এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক, পেট্রোবাংলার পরিচালক (প্লানিং) মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, পরিচালক (পিএসসি) মো. ইমাদুদ্দীন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৮০২ ঘ.