২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবের সমান হচ্ছে পুলিশের ৫ পদের বেতন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের পাঁচটি পদ গ্রেড ওয়ান করার ঘোষণা দিয়েছেন, বর্তমান বেতন কাঠামোতে যা ভোগ করেন কেবল পুলিশ মহাপরিদর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের পাঁচটি পদ গ্রেড ওয়ান করার ঘোষণা দিয়েছেন, বর্তমান বেতন কাঠামোতে যা ভোগ করেন কেবল পুলিশ মহাপরিদর্শক। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এ ব্যাপারে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে না থাকলেও বিশেষ বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।” পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি পরিদর্শক পদকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম এবং উপ পরিদর্শক পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করারও ঘোষণা দেন তিনি। বর্তমান কাঠামোতে পুলিশের মহাপরিদর্শক পদটি গ্রেড ওয়ান মর্যাদার, যার বেতন একজন সচিবের সমান। এছাড়া পুলিশ সমন্বয়ক (আইজি মর্যাদার) ফণিভূষণ চৌধুরীও একই মর্যাদা ভোগ করছেন। তবে ‘পুলিশ সমন্বয়ক’ পদটি অস্থায়ী। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহিদুল হক পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ফণিভূষণের পদটিও স্থায়ী হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় মানবাধিকার রক্ষার বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে নেওয়ার তাগিদ দিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “কোনোভাবেই যেন পুলিশ বাহিনীর কোনো সদস্যের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি নারী ও শিশুদের প্রতি হতে হবে সহানূভুতিশীল।” তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও বিডিআর হত্যাযজ্ঞের তদন্তসহ বিভিন্ন কাজে পুলিশের ভূমিকা দেশে দেশে প্রশংসিত হয়েছে। বর্তমান সরকার পুলিশের এই সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চায়। “ইতোমধ্যে শিল্প পুলিশ কাজ করছে। শিগগিরই ট্যুরিস্ট পুলিশ, ক্যাম্পাস পুলিশ, মেরিন পুলিশ ইউনিট গঠন করা হবে। ভিভিআইপি, ভিআইপি ও অতি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যে দুটি সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের অনুমোদন দেওয়া হয়েছে।” বর্তমান সরকার একটি স্বয়ংসম্পূর্ণ ও প্রযুক্তিনির্ভর তদন্ত ইউনিট গঠনের কাজেও হাতে নিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তার জন্য স্বয়ংসম্পূর্ণ এয়ারপোর্ট আমর্ড পুলিশ গঠন করার বিষয়টি বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার আওয়ামী লীগ পুলিশের বাজেট বাড়িয়ে আটশ কোটি টাকা করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, তখনই পুলিশের উন্নয়নে কাজ করছে।” এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ২০১১ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুলিশ ও র‌্যাবের ৫৯ সদস্যকে পদক দেন। এই ৫৯ জনের মধ্যে দুজনকে মরণোত্তর পদক দেওয়া হয়। শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন মাঠে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি প্যারেড পরিদর্শন করেন। পরে মঞ্চে এসে সালাম গ্রহণ করেন। অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, মন্ত্রী, সাংসদ, সাবেক পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে- ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সম্মেলন, অপরাধ সংক্রান্ত সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগিতা। ৭ জানুয়ারি জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) রাউন্ড আপ কনফারেন্সের মাধ্যমে পাঁচ দিনের পুলিশ সপ্তাহ শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২১০ ঘ.