২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হৃদয়ে রঙধনু’ ঢাকার আকাশে

যুক্তরাষ্ট্রে সাফল্যের পর ‘হৃদয়ে রঙধনু’ এই নৃত্যনাট্যটি ঢাকার মঞ্চে আনছেন শারমিন আহমেদ রিপি। তাজউদ্দিন আহমেদের মেয়ে তার এই সৃষ্টিতে গেয়েছেন শান্তির জয়গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই বিশ্বের একটি রূপ সংঘাত আর হানাহানির, আর শান্তি আর ভালবাসার যে অন্য একটি রূপ রয়েছে, তারই জয়গান ‘হৃদয়ে রঙধনু’। যুক্তরাষ্ট্রে প্রশংসা কুড়ানোর পর ‘দি রেইনবো ইন এ হার্ট’, যা বাংলা করলে দাঁড়ায় হৃদয়ে রঙধনু, ঢাকার মঞ্চে নিয়ে আসছেন বাংলাদেশের স্বাধীনতার অন্যতম রূপকার তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ রিপি। আগামী ৬ ও ৭ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে এই গীতিনাট্যটির মঞ্চায়ন হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন ২০০৩ সালে একটি বই প্রকাশ করেন,অভিবাসী নৃত্যশিল্পী রোজমেরী মিতু গনসালভেসের সহযোগিতায় গত বছর তা নাট্যরূপ পায়। গ্রন্থটি শারমিন উৎসর্গ করেছিলেন মা সৈয়দা জোহরা তাজউদ্দিনকে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যার অবদানও নেহায়েত কম নয়। কলম ধরতে শারমিনকে কার্যত বাধ্য করেছিলো ‘মা শারমিন’। তার কথায়- “আমার মেয়ের বয়স যখন পাঁচ, তখনকার কথা। সে আমার কাছে জানতে চাইলো- ‘তুমি কেমন করে আমার মা হলে?’।” হৃদয়ে রঙধনুর শুরুটা সেই তখন, সন্তানের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, উত্তর দিতে গিয়ে তৈরি হলো এই গীতি নাট্য, যা আজ যুক্তরাষ্ট্রের মন্টগোমেরি কাউন্টির সরকারি বিদ্যালয়গুলোতে পাঠ্যসূচিতে স্থান করে নিয়েছে। বইটিকে প্রাথমিক ও মধ্যস্তম স্তরের শিক্ষার্থীদের জন্য অনন্য বলে মনে করছেন শিক্ষাবিদরা। পাঁচ বছর বয়সি সন্তানকে শারমিন বলেছিলেন ভালবাসার কথা, যা বয়ে আনবে শান্তি- নৃত্যনাট্যটিতে মানবিক সেই দিকটিই তুলে ধরা হয়েছে। শিশুর অনুসন্ধিৎসু মনের খোরাক জোগানো আর ভালবাসার দীক্ষা দিতে তার মা কীভাবে হয়ে উঠতে পারেন ‘শিক্ষক’, তাও বিধৃত এই বইয়ে। শারমিনের বইটি নৃত্যনাট্য হিসেবে মঞ্চে নিয়ে আসা রোজমেরী মিতু গনসালভেস মেরিল্যান্ডের জাগো আর্ট সেন্টারে কাজ করেন, মঞ্চায়নের ক্ষেত্রে তার শৈল্পিক রুচিবোধের প্রকাশও তিনি ঘটিয়েছেন বলে শারমিন মনে করেন। রোজমেরী মিতু গনসালভেস জাগো আর্ট সেন্টারের প্রতিণ্ঠাতা। বাংলাদেশের নৃত্যশিল্পের প্রবাদ পুরুষ বলে খ্যাত গওহর জামিলের শিষ্য মিতু। নির্দেশকের ‘নির্দেশনায়’ নৃত্যনাট্যের জন্য দুটি গানও লিখেছেন শারমিন। প্রবাসে প্রশংসার পর এখন জন্মভূমিতে এর মঞ্চায়ন নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত শারমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০০১৫ ঘ.