খুলনা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় সোমবার রাতে পুলিশ ও ছাত্রলীগ পৃথক দু’টি মামলা করেছে।
এছাড়া ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
গভীর রাতে করা পুলিশের মামলায় অজ্ঞাত পরিচয় ২৫০/৩০০ ছাত্রকে আসামি করা হয়েছে।
অপরদিকে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় চার শিক্ষক ও ৩৬ জন ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৮০ জনকে আসামি করা হয়।
রোববার রাতে কুয়েটের অমর একুশে হলের বার্ষিক ভোজে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা খাবার ফেলে দেয়। এ কারণে ভোজের আয়োজনের দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা হলের ২৫ ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
পরে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করলে পুলিশ লাঠিপেটা করে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার কুয়েট ক্যাম্পাস শান্ত ছিল। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে।
খানজাহান আলী থানার ওসি হুমায়ূন কবীর জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বাদী হয়ে করা মামলায় অজ্ঞাত পরিচয় ২৫০/৩০০ ছাত্রকে আসামি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে আটক করা ছাত্র সাইফুল্ল¬াহ আল মামুনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাইফুল্লাহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে ওসি জানান।
এদিকে কুয়েট ছাত্রলীগ নেতা এস এম জুবায়ের সিরাজের করা মামলায় হামলা, ভাংচুর ও ল্যাপটপ চুরির অভিযোগে চার শিক্ষক ও ৩৬ জন ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় অভিযুক্ত চার শিক্ষক হলেন ড. এ এন এম মিজানুর রহমান, ড. খন্দকার আফতাব, গণিত বিভাগের ড. মো. আরিফ ও যন্ত্রকৌশল বিভাগের ড. মো. মাসুদ।
কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর জানান, কুয়েটের একাধিক ভবন ও গাড়ি ভাংচুরসহ সরকারি সম্পদ ক্ষতি সাধনের ঘটনায় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
কমিটি গঠন করা হলে জানানো হবে বলে তিনি জানান।
সোমবারের হামলায় অন্তত ২০ জন ছাত্র এবং পুলিশ কর্মকর্তা ও শিক্ষকসহ পাঁচ জন আহত হয়। হামলাকারীরা ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকেও মারধর করে।
মারধরের শিকার ও সাধারণ শিক্ষার্থী ও পুলিশ বলেছে, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।
বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিবৃতি
খুলনা মহানগর বিএনপি সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগ নেতা আবির ও অরিনের নেতৃত্বে বহিরাগতরা সোমবার সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
দীর্ঘ সময় ধরে হামলা চললেও উপাচার্য পুলিশকে নিস্ক্রিয় রেখে ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতা করেন বলে তারা অভিযোগ করেন।
মহানগর ছাত্রলীগ সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পী ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের বিবৃতিতে বলা হয়, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
হামলায় সহযোগিতা করেন কুয়েটের শিক্ষক ড. মো. আরিফ, ড. মো. মাসুদ, ড. এ এন এম মিজানুর রহমান ও ড. খন্দকার আফতাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24