২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

গাইবান্ধা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

গাইবান্ধা/মানিকগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান দুই জন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রংপুর-ঢাকা মহসড়কে গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে সোমবার সকাল ৮টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহন এবং ঢাকা থেকে লালমনিরহাটগামী জয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যজন মারা যান। এ ছাড়া কমপক্ষে ২৫ জন হয়েছেন আহত। নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট গ্রামের মামুন মিয়ার স্ত্রী মনি আক্তার (২৩) ও পলাশবাড়ী উপজেলা সদরের আব্দুল গোফফারের ছেলে লিটন মিয়া (২৪)। আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক ফরহাদ হোসেন (৩৫), সাংবাদিক রফিকুল ইসলাম (২৬), জনি মিয়া (২২), মজিবুর রহমান (৩০), মনোয়ারা বেগম (৪০), রুহুল আমিন (২৯), মজিদুল ইসলাম (৩১), আল-আমিন সরকার (৩৬), জোনাকি বেগম (৪৬), সোমা মনিকে (৪) পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বগুড়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি দেলোয়ার হোসেন। অন্যদিকে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. হারুনুর রশিদ (৩৭) নামে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। শিবালয় থানার ওসি মো. রেজাউল করিম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে পাটুরিয়ার দিকে যাওয়ার পথে মালবোঝাই কভার্ডভ্যান পেছন দিক চাপা দিলে ঘটনাস্থলেই হারুন মারা যান। এ ঘটনায় কভার্ডভ্যানের চালক বকতিয়ার হোসেনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩২১ ঘ.