গাইবান্ধা, ০১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতিয়ার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবোরোধ করেছে এলাকাবাসী।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবরোধের কারণে ওই সড়কে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
পরে পুলিশ গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবোরোধ তুলে নেয়।
গত ২৬ ডিসেম্বর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের আতিয়ার রহমানকে (২৭) জবাই করে দুর্বৃত্তরা।
পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে প্রায় তিনশ’ গ্রামবাসী সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে অবোরোধ তুলে নিলে চলাচল স্বাভাবিক হয়।
গত সোমবার (২৬ ডিসেম্বর) আতিয়ার খুন হন। পরদিন সকালে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি হত্য মামলা দায়ের করা হয়েছে।
এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আতিয়ার মাদক ব্যবসার কারণেই নিহত হয়েছে বলে পুলিশ ধারণা করছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24