পাবনা, ০১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঙ্গার পানি পরিমাপ শুরু করেছে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
রোববার বিকালে পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় পদ্মা নদীর হার্ডিঞ্জ সেতু পয়েন্টে এ কাজ শুরু হয়। এরপর পাকশী ও ভেড়ামারার বিভিন্ন পয়েন্টে পানি পরিমাপ করা হয়।
ভারত সরকারের পানি কমিশনের ডেপুটি ডিরেক্টর ভবগত জাদব, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অনিল কুমার ভার্মা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলীয় পানি পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম আলী মর্তুজা ও উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন এই কার্যক্রম পরিচালনা করেন।
পাবনা পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গঙ্গা চুক্তি অনুযায়ী জানুয়ারির প্রথম দিন থেকে মে’র শেষ দিন পর্যন্ত ভারত ফারাক্কা পয়েন্টে ১৯৪৯ সাল থেকে ১৯৮৮ সাল এই চল্লিশ বছরের গড় হারে বাংলাদেশ পানি পাওয়ার কথা। এছাড়াও শুষ্ক মৌসুমে প্রতি সেকেন্ডে ৩৫ হাজার ঘনফুট পানি প্রবাহের কথা রয়েছে।
শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তিরিশ বছর মেয়াদি এই গঙ্গা চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী ভারত পানি দিচ্ছে কিনা জানতে চাইলে প্রকৌশলী কবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সরাসরি কিছু বলতে চাননি।
তবে পানির স্তর ৩০/৪০ ফুট নিচে নেমে যাওয়ায় পদ্মা নদী এখন মরা খালে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ কারণে পদ্মা নদীবেষ্টিত উত্তরাঞ্চলের ছয়টি জেলায় মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন।
পদ্মা নদীর পাশে অবস্থিত ভেড়ামারা পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানি না পাওয়ায় ইতোমধ্যে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ পাম্প বন্ধ রয়েছে।
পরিমাপ দলের সদস্য মোফাজ্জল হোসেন জানান, আগামী ৩১ মে পর্যন্ত পর্যায়ক্রমে এই পানি পরিমাপ কার্যক্রম চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24