চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ উপলক্ষে দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়ির সামনের তোরণের পাশে লাগানো সার্চলাইট থেকেই ওই তোরণে অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ ধারণা করছে।
রোববার কোতোয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে সার্চলাইট থেকেই আগুন লেগেছে।”
বিএনপির অনেক নেতা-কর্মী এ ধারণার সঙ্গে একমত বলে জানান তিনি।
শনিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরুর বাসভবনের মূল ফটকের বাইরে রোড মার্চ উপলক্ষে লাগানো তোরণে অগ্নিকাণ্ড হয়।
পরিকল্পিতভাবে এ ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু।
রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক তোরণের আলোকসজ্জার জন্য লাগানো বাতিগুলো ভেঙে তোরণে আগুন দেয়।”
অগ্নিকাণ্ডে তোরণে থাকা ডিজিটাল ব্যানারের ডান পাশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি পুড়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে সংবাদ সম্মেলন করেন আমীর খসরু। এ ঘটনায় বিকালে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়।
আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম জিডি করেছেন জানিয়ে ওসি আবুল কালাম বলেন, “তোরণের ছয় ইঞ্চির মধ্যেই একটি উচ্চ ক্ষমতার সার্চলাইট লাগানো আছে। ওই লাইটের বেশি তাপের কারণে তোরণের ডিজিটাল ব্যানারটি উতপ্ত হয়ে তাতে আগুন ধরে গেছে।”
“আগুন নেভানোর সময় ব্যানার ধরে টানাটানি করায় ডান পাশের অংশবিশেষ ছিঁড়ে গেছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/২০৩০ ঘ.
bdnews24