ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদের মুখে বাংলাদেশকে ‘জলদস্যুপ্রবণ’ দেশের তালিকা থেকে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো (আইএমবি)।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইনসিদ্ধ সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের জলসীমায় জলদস্যুতার কোনো নজির নেই। এরপরও গত দুই দশকের বেশি সময় ধরে আইএমবির ওয়েবসাইটে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (জলদস্যুপ্রবণ) দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আইএমবি ওই ওয়েবসাইটের মাধ্যমে নাবিকদেরকে জলদস্যুতা সম্পর্কে সতর্ক করে থাকে।
বাংলাদেশের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আইএমবি ওয়েবসাইটের সতর্কতা সংশ্লিষ্ট শিরোনাম ‘জলদস্যুতা সতর্কতা’ পাল্টিয়ে ‘জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি সতর্কতা’ দিয়েছে।
আর ওয়েবসাইটের বাংলাদেশ অংশে ‘জলদস্যু’ শব্দটি পরিবর্তন করে ‘ডাকাত’ করা হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বরে সাগরে জলদস্যুতা নিয়ে বাংলাদেশ সম্পর্কে আইএমবি’র প্রতিবেদনের প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দাবি করা হয়, নাবিকরা যে ঘটনা সম্পর্কে আইএমবির কাছে অভিযোগ করেছে সেগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘ছিঁচকে চুরি’ অথবা ‘ডাকাতি’র পর্যায়ে পড়ে।
বাংলাদেশকে জাতিসংঘ সমুদ্র আইনে (ইউএনসিএলওএস) স্বাক্ষরকারী দেশগুলোর একটি উল্লেখ করে প্রতিবাদে আরো বলা হয়, ওই ঘটনাগুলো বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে ঘটায় সেগুলোকে কোনোভাবেই জলদস্যুতা বলা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এএল/২০১৬ ঘ.
bdnews24