২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্রাম্যমাণ আদালত নয়, দরকার পরিকল্পনা’

বর্ষবরণ উৎসবে ভ্রাম্যমাণ আদালত থাকায় ‘স্বতঃস্ফূর্ততা নষ্ট’ হয় বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। সাধারণ নাগরিকরা বলছে, ‘ভয়’ নিয়ে আনন্দ হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষবরণ উৎসবে ভ্রাম্যমাণ আদালত থাকায় ‘স্বতঃস্ফূর্ততা নষ্ট’ হয় বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। একই প্রসঙ্গে সাধারণ নাগরিকরা বলছে, ‘ভয়’ নিয়ে আনন্দ হয় না। নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবারই প্রথম (৩১ ডিসেম্বর) রাজধানীতে সক্রিয় ছিল আটটি ভ্রাম্যমাণ আদালত। এ প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে মানুষের আনন্দের স্বতঃ¯ফূর্ততা নষ্ট হয়ে যায়।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদযাপনের সময় শ্লীলতাহানির শিকার শাওন আক্তার বাঁধনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “এখন তো আর বিশ্ববিদ্যালয়ে ওই রকম কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে না। “এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন হয় না। দরকার সুুনির্দিষ্ট পরিকল্পনা।” এদিকে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকলেও সাজা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানান ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্রাম্যমাণ আদালত তৎপর থাকলেও সাজা দেওয়ার মতো কাউকে খুঁজে পায়নি।” তিনি বলেন, “নতুন বছর উদযাপনে অতীতের অভিজ্ঞতা ভালো না। এ কারণেই এ বছর প্রথম ভ্রাম্যমাণ আদালত নামানো হয়।” শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রমনা বিভাগে দুটি, গুলশান বিভাগে দুটি, মতিঝিল,ওয়ারি, মিরপুর ও উত্তরা বিভাগে একটি করে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামে। পুলিশও বলছে, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবেই নগরবাসী নতুন বছরের প্রথম প্রহর উদযাপন করেছে। ‘ভয় নিয়ে আনন্দ হয় না’ ভ্রাম্যমাণ আদালত প্রসঙ্গে নগরবাসী বলছে, নববর্ষ উদযাপনে এ আদালত মাঠে থাকায় তারা ‘বিব্রতকর’ অবস্থায় পড়ে। তাদের বক্তব্য, বিশৃঙ্খলা ঠেকাতে বিগত হরতালগুলোতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছিল। কিন্তু আনন্দ উৎসবে এ আদালত নামানো মানেই মৌলিক অধিকার ‘হরণ’ করা। তাদের মতে, উৎসবের সময় আইন-শৃঙ্খলা বাহিনী তা পর্যবেক্ষণ করবে। কেউ ‘মাত্রাতিরিক্ত’ কিছু করলে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। কলাবাগানের বাসিন্দা রাকিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্ধুদের নিয়ে আবাসিক এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে চেয়েছিলাম; কিন্তু ভ্রাম্যমাণ আদালতের সাজার ভয়ে তা পারিনি। ভয় নিয়ে আনন্দ হয় না, তাই যাইনি।” মিরপুর ২ নম্বরের ‘নতুন প্রভাত’ নামে সামাজিক সংগঠনের কর্মকর্তা বাসিন্দা বাবু বলেন, “নতুন বছর উদযাপন জমকালোভাবে পালনের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও ভ্রাম্যমাণ আদালতের কারণে বেশ বিব্রতকর অবস্থায় পড়ি। “শেষে ঝামেলা এড়াতে সংগঠনের কার্যালয়ের ভেতরেই গান গেয়ে, খিচুড়ি খেয়ে উৎসব পালন করা হয়।” তবে ভ্রাম্যমাণ আদালত থাকাটা ইতিবাচক বলে মনে করেন ম্যাজিস্ট্রেট রহমান। তিনি বলেন, “ভ্রাম্যমাণ আদালত মাঠে ছিলো বলেই কোনো অঘটন ঘটেনি। তা না হলে আপনারাই (সাংবাদিকরা) লিখতেন ‘মদ খেয়ে রাস্তায় মাতলামি ও মারধর করাই কি নববর্ষ উদযাপন?’” গত বছরের ১২ ও ১৩ জুন বিএনপির ডাকা হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত নামানো হয়। হরতালকে ঘিরে সারা দেশে শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালের আগে বা হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা সেটিই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/পিডি/২০০৩ ঘ.