কুড়িগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী আন্দোলন আয়োজিত ‘মিনি বিশ্ব ইজতেমা’র আখেরি মোনাজাতে অংশ নিতে এসে রোববার ভিড়ের চাপে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত শুক্কুর আলীর (৯০) বাড়ি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচ- ভিড়ের চাপে জ্ঞান হারিয়ে ফেললে শুক্কুর আলীকে সদর হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।
বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর এলাকায় ধরলা নদীর তীরে শুরু হয় এই ইজতেমা। রোববার ছিল আখেরি মোনাজাত।
সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম।
ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম সভাপতি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামী আন্দোলন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি মুজাহিদ কমিটির মাধ্যমে চরমোনাই পীরের মুরিদদের নিয়ে কয়েক বছর ধরেই এই ইজতেমা করে আসছে।
ইজতেমায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুফতি সৈয়দ ফয়জুল করিম, মাওলান নুরুল হুদা ফয়েজি, মাওলানা ছুফিউল্লাহ লোহোরি, মাওলানা লোকমান হোসেন জাফরি, মাওলানা আইয়ুব আলী আনছারি, মাওলানা আবুল হাসান আনছারি প্রমুখ।
এছাড়া ইসলামী চিন্তাবিদ, আলেম এবং উত্তারঞ্চলসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন বলে জানান মোস্তাফিজুর রহমান।
২০০৬ সাল থেকে কুড়িগ্রাম পৌর এলাকায় ধরলা নদীর তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24