২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে কান ধরিয়ে উঠবস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক পুলিশ সদস্যকে কান ধরিয়ে উঠবস করিয়েছে ছাত্রলীগকর্মীরা। তাদের অভিযোগ, ওই পুলিশ সদস্য প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক পুলিশ সদস্যকে কান ধরিয়ে উঠবস করিয়েছে ছাত্রলীগকর্মীরা। তাদের অভিযোগ, ওই পুলিশ সদস্য প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছিলেন। রোববার প্রথম প্রহরে দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও ছাত্ররা জানায়। তাকে মারধরও করা হয়েছে। মতিহার থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ওই পুলিশ সদস্যকে মখদুম হল থেকে সরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। শাহ মখদুম হলের শিক্ষার্থীরা জানায়, প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাত দেড়টার দিকে আব্দুস সালামের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন ছাত্রলীগকর্মী কনস্টেবল আব্দুর রশিদকে মারধর এবং কান ধরে উঠবস করায়। পরে হলে কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। ছাত্রলীগকর্মী সালাম মারধরের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “ওই কনস্টেবল ডিউটিরত অবস্থায় প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করে। কিন্তু আমরা পুলিশের ইউনিফর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ডিউটিরত অবস্থায় কিছু বলিনি। যখন সে অফডিউটিতে যায়, তখন তাকে কান ধরে উঠবস করানো হয়।” বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছেলেরা বিক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.