চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার রোড মার্চ উপলক্ষে মেহেদীবাগ এলাকায় নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়ির সামনে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার প্রথম প্রহরে মটর সাইকেল আরোহী কয়েকজন তোরণে আগুন দেয় বলে সাবেক মন্ত্রী খসরু জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে কয়েকটি মটর সাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত মূল ফটকে থামে।
“সেখানে রোড মার্চ উপলক্ষে নির্মিত তোরণের আলোকসজ্জার জন্য লাগানো বাতিগুলো প্রথমে ভেঙে ফেলে তারা। এরপর তোরণটিতে আগুন দেয়।”
আগুনে তোরণে লাগানো ডিজিটাল ব্যানারে ডান পাশের দলনেত্রী খালেদা জিয়ার ছবিটি পুড়ে গেছে। তবে বাম পাশে জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি অক্ষত রয়েছে।
আগুন লাগানোর পর আমীর খসরুর বাড়ির বাসিন্দারা বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির বাসিন্দাদের বের হতে দেখে মটর সাইকেল আরোহীরা পালিয়ে যায় বলে আমীর খসরু জানান।
তোরণে আগুনের প্রতিবাদে দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে জনমত গঠনে আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামমুখে রোড মার্চ শুরু করবেন বিরোধীদলীয় নেত্রী খালেদা। পরদিন চট্টগ্রামে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২২৫ ঘ.
bdnews24