২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আশা নিয়ে শুরু নতুন বছর

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার মতো নতুন আশা নিয়েই খ্রিস্টীয় নতুন বছর বরণ করছে দেশবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:34 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন বছর, বিদায় নিলো ২০১১। শনিবার রাত ১২টা থেকে দেশে দেশে চলছে খ্রিস্টীয় ২০১২ কে বরণের পালা। পৃথিবীর আবর্তনের কারণে বাংলাদেশ থেকে পূর্বের দেশগুলোতে দিন আসে আগে ফলে অস্ট্রেলিয়া অঞ্চল থেকেই শুরু হয় বর্ষবরণের পালা। ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আলোর খেলায় মেতে ওঠে সিডনির অপেরা হাউস। এরপর পালাক্রমে বর্ষরণের উৎসব শুরু হয় জাপান, কোরিয়া, প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। যুক্তরাষ্ট্র ও ল্যাতিন আমেরিকার দেশগুলোর বর্ষবরণের পালা আসে পরে। নতুন বছরকে বরণে উৎসাহের কমতি ছিলো না বাংলাদেশেও। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং অভিজাত এলাকা গুলশান ও বনানীতে বর্ষবরণের উৎসবে মেতে ওঠে তরুণরা। আয়োজন ছিলো পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রামের পতেঙ্গা সৈকতেও। সবারই আশা, নতুন আশার বাস্তবায়ন ঘটবে নতুন বছরে। তবে বিশ্বের নানা দেশে যে মাত্রায় উৎসব হয়, ঢাকায় সে রকম আয়োজন দেখা যায়নি। শুক্রবারই ঢাকাবাসীকে যার যার বাসায় পরিবারের সঙ্গে ‘ঘরোয়াভাবে’ বর্ষবরণের ‘পরামর্শ’ দিয়েছিলো মহানগর পুলিশ। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়। সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি। রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয় তল্লাশি চৌকি। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেন, “আমি আশা করি, ইংরেজি নববর্ষ আমাদের সবার জীবনে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও অনাবিল সুখ বয়ে আনবে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমি আশা করি, দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত এবং অসা¤প্রদায়িক ও শান্তিপূর্ণ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হব।” বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার বাণীতে ২০১২ সালকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। ১১৯ বছর পর এবার সবার আগে নতুন বছর বরণ করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দুই দ্বীপপুঞ্জ সামোয়া ও টুভালু। দেশ দুটি ১১৯ বছর পর ক্যালেন্ডার একদিন এগিয়ে দেয় গত ২৯ ডিসেম্বর। ফলে ৩০ ডিসেম্বর বাদ দিয়েই দেশটি ৩১ ডিসেম্বরে পৌঁছে যায়। এ কারণে দেশ দুটি এবার সবার আগে নতুন ইংরেজি বছর বরণ করে। পৃথিবীর আবর্তনের কারণে এর আগে নতুন বছর সবার আগে বরণ করার সুযোগ পেত প্রশান্ত মহাসগরীয় ছোট্ট দেশ কিরিবাতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/এমআই/০৯২৫ ঘ.