চাঁদপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতের নাম সত্যরঞ্জন সরকার (৪৫)। তিনি পেশায় কুমার। তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ তার সভা কক্ষে এ দণ্ডাদেশ দেন।
হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামের ১১ বছর বয়সি এক শিশুকে একা পেয়ে তার শ্লীলতাহানি করে সত্যরঞ্জন। তখন মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে সত্যরঞ্জনকে আটক করে পুলিশে দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সত্যরঞ্জনকে সাজা দেন।
হাসান মাহমুদ জানান, সত্যরঞ্জন ওই শিশুর বাড়িতে প্রতিমা তৈরির কাজ করছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24