২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার 'পুনর্বাসনযোগ্য' ভিক্ষুক খুঁজতে জরিপ

পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা শহরের ভিক্ষুকদের সংখ্যা জানতে এই প্রথম জরিপ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা শহরের ভিক্ষুকদের সংখ্যা জানতে এই প্রথম জরিপ করেছে সরকার। শুক্রবার সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু হয় এ জরিপ। রাজধানীকে ১০টি অঞ্চলে ভাগ করে পরিচালিত এ জরিপের তত্ত্বাবধান করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ভিক্ষুক পুনর্বাসন সেল-এর প্রধান গাজী মোহাম্মদ জুলহাস সাংবাদিকদের বলেন, ভিক্ষুকদের প্রত্যেকের ছবি ও তথ্য একটি কোড নম্বরসহ সংরক্ষণ করা হচ্ছে। জরিপ শেষে অগ্রাধিকার ভিত্তিতে অভাবিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। 'ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান' শীর্ষক এ কর্মসূচির প্রথম ধাপে শুধু রাজধানীতে ১০ হাজার ভিক্ষুক জরিপ করা হয়। এরপর পুরো দেশে ভিক্ষুক জরিপ চালানো হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মোহাম্মদ জুলহাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ৪০০ স্পটে জরিপ চলে। "শুধু রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা জানা নয়, বরং জরিপ শেষে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসিত করাই এর মূল লক্ষ্য," বলেন তিনি। গাজী জুলহাস জানান, প্রতিটি স্পটে একজন করে তথ্য সংগ্রহকারী এবং একজন ক্যামেরাম্যান ছিলেন। তথ্য সংগ্রহকারীরা ভিক্ষুকদের তথ্য নেন এবং ক্যামেরাম্যান ছবি তুলে রাখেন, যাতে পরে তাদের চিহ্নিত করা যায়। এছাড়া প্রতি তিনটি জরিপ দলের কাজ তদারকে ছিলেন এক জন করে সুপারভাইজার। আগামী অক্টোবরের শেষ দিকে এই জরিপের ফল প্রকাশ করা হবে। ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাধ্যমে এই জরিপ চালানো হয়। এনজিওগুলো হলো- হিতৈষী বাংলাদেশ, আর্স বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, জনসেবা কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেলথ এডুকেশন সার্ভিস, কান্ট্রি ভিশন, বেডো, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি ও বিআরসিটি। জনসেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশন অঞ্চলে জনসেবা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন জোনের (৪ নম্বর) টিম লিডার ফেরদৌস আহমেদ বলেন, এই জোনে দুটি মোবাইল টিমের আওতায় ২৫ জন সেচ্ছাসেবক কাজ করেছেন। ভিক্ষুকদের প্রধানত চারটি ভাগে (প্রতিবন্ধী, মহিলা ও শিশু, মৌসুমী এবং পেশাদার) ভাগে ভাগ করে জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী প্রত্যেক ভিক্ষুককে ২৫ টাকা করে দেওয়া হয়েছে। জুলহাস জানান, প্রতিটি এনজিও একটি করে এলাকায় সর্বোচ্চ ১ হাজার ভিক্ষুকের তথ্য সংগ্রহ করেছে। অর্থাৎ, ১০টি এনজিও মোট ১০ হাজার ভিক্ষুকের তথ্য পাওয়া যাবে এই জরিপে। এ কাজে প্রতিটি এনজিওকে ২ লাখ ৪০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানান যুগ্ম সচিব। ভিক্ষুক জরিপে মোট খরচ হচ্ছে ২৪ লাখ টাকা। গত ১১ সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এই ভিক্ষুক জরিপ করার ঘোষণা দেন। ঢাকার জরিপ ঠিকমতো শেষ হলে পর্যায়ক্রমে সারা দেশে ভিক্ষুক জরিপ পরিচালনা করা হবে বলে গাজী জুলহাস জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১২২২ ঘ.