২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ধর্ষণের ক্ষোভে স্কুলে তালা

এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার একটি স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার একটি স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার সবদলহাট উমেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের শিক্ষক ইসারুল্লাহ'র কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছাত্রীটি ধর্ষণের শিকার হয়। সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকাবাসী জেনে ক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধরা বিক্ষোভ মিছিল নিয়ে সকালে স্কুলে প্রধান শিক্ষকের কার্যালয়সহ বিভিন্ন কক্ষে তালা মেরে দেয়। এসময় অভিযুক্ত ইসারুল্লাহসহ অন্যান্য শিক্ষকরা ভয়ে পালিয়ে যান। উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র বর্মণ সাংবাদিকদের জানান, শিক্ষক ইসারুল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে অভিভাবক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী জানান, এ ঘটনায় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুল ছাত্রীকে পুলিশের হেফাজতে রাখা রয়েছে। এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা বিকালে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি। শিক্ষকরা জানান, অভিযুক্ত শিক্ষক ইসারুল্লাহ'র বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ইসলামবাগ চৌরঙ্গী গ্রামে। তার পিতার নাম ইব্রাহীম আলী মুন্সী। সে বিবাহিত ও ২ সন্তানের জনক । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১৬ ঘ.